বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১১
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতোতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
বলিভিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা ক্রুজ থেকে উড়ে আসা সামরিক কার্গো বিমানটির এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে কাছের একটি মহাসড়কে যানবাহনের ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে