Views Bangladesh Logo

গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ১১টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির সরকারপক্ষের সংসদ সদস্যরা। তবে কমিটির বিরোধী দলীয় তিনজন সদস্য নোট অব ডিসেন্ট দিয়ে অধ্যাদেশগুলো বহাল রাখার প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এই বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি উত্থাপিত আকারে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে না এনে পরবর্তীতে আরও যাচাই-বাছাই করে নতুন বিল উত্থাপনের এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আনার সুপারিশ করা হয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসব অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত জাতীয় সংসদ এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করে প্রতিবেদন পেশ করার জন্য বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে বিরোধী দলের তিনজন সংসদ সদস্য ছিলেন।

কমিটি তিনটি বৈঠকে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করেছে। এক্ষেত্রে অধ্যাদেশগুলো কী প্রয়োজনে প্রণয়ন ও জারি করা হয়েছে তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের মতামত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ১৩টি অধ্যাদেশের বিষয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা একমত হতে পারেননি। ফলে বিরোধী দলের সদস্য অধ্যাপক মজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম এই ১৩টি অধ্যাদেশে নোট অব ডিসেন্ট দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারপক্ষ। এসব অধ্যাদেশে বিরোধী দলের সংসদ সদস্যরা নোট অব ডিসেন্ট দিয়ে অধ্যাদেশগুলো বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ পাসের বিষয়ে সরকারপক্ষ ভিন্ন নীতি অনুসরণ করতে চাইছে বলে উল্লেখ করা হয়েছে। বিরোধী দলের তিনজন সংসদ সদস্য এই অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাসের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ পাস করার প্রস্তাব করেছে সরকারপক্ষ, তবে বিরোধী দলের তিন সংসদ সদস্য এটি পরিবর্তিত আকারে পাসের পক্ষে অবস্থান নিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ