Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় বাজারে ভয়াবহ আগুন, ৬ শিশুসহ নিহত ১১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের পানিয়াই শহরের একটি স্থানীয় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতের পর বাজারটিতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান, কিয়স্ক ও বসতবাড়ি পুড়ে গেছে।

স্থানীয় পুলিশ জানায়, গভীর রাতে বাজারের একটি শপহাউস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও পানিবাহী ক্যানন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বাজারের ঘনবসতি এবং দোকান ও অন্যান্য স্থাপনা পরস্পরের কাছাকাছি হওয়ায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে বেগ পেতে হয়। তিন ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে বাজারের প্রায় ৪০টি কিয়স্ক, দোকান ও বাড়িঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশের মুখপাত্র হেনরি জে মানুরং এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কোনো অবহেলা বা অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণের কাজ চলছে।

ইন্দোনেশিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকা এবং অনেক স্থাপনায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যেই বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটে। গত ডিসেম্বরে সেন্ট্রাল জাকার্তার একটি সাততলা কার্যালয়ে ড্রোনের ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে ২২ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলের একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিকের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ