প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী একবেলা পুষ্টিকর খাবার চালুর পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে। বর্তমানে ১৫০টি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থীকে নিয়ে কর্মসূচিটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বছর সারা দেশে কর্মসূচি চালুর বিষয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনার পাইকগাছা উপজেলায় পাইলট কর্মসূচির আওতাভুক্ত ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির শুরুতে খাবার সরবরাহ ও মান নিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন নিয়ম মেনে মানসম্মত খাবার সরবরাহ করা হচ্ছে। কোনো বিদ্যালয়ে অপরিপক্ব কলা বা নিম্নমানের খাবার পৌঁছালে তা গ্রহণ না করে সরবরাহকারীকে ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নতুন নীতিমালায় খাবারের মান নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো বিদ্যালয়ে পচা বা নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেলে ২৪ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট সরবরাহকারীর টেন্ডার বা সরবরাহ আদেশ বাতিল করা হতে পারে। তার ভাষ্য, গত দুই থেকে আড়াই মাসে নতুন নীতিমালার অধীনে পাইলট প্রকল্পে ভুলের হার প্রায় শূন্যের পর্যায়ে নেমে এসেছে।
মতামত দিন