গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
রাজধানীর গুলিস্তানে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে গুলিস্তানের আলু বাজার এলাকার আরমান সেলুনে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।
এ ব্যাপারে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
সার্জন শাওন বিন রহমান আরও জানান, দগ্ধ সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতামত দিন