সুইডেনে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় নিহত ১০
সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। তবে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, এ ঘটনায় নিহতদের মধ্যে হামলাকারীও আছে। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আহতদের হাসপাতালে নেয়ার পর চারজনের অস্ত্রোপচার এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের সবার মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে। এ ছাড়া আরও অনেকে আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, হামলার ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, এ ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। একইসঙ্গে আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।
গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন।
মতামত দিন