Views Bangladesh Logo

চীনে ভারি বর্ষণে বাড়ি ধসে ও ভূমিধসে নিহত ১০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে সৃষ্ট বাড়ির দেয়াল ধসে ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এমন উদ্ভূত পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের সহযোগিতায় ইতিমধ্যে ২১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সিচুয়ানের চেনংদু ও জিগং শহরসহ একাধিক দুর্যোগকবলিত অঞ্চল থেকে ২১ হাজার ৭৮৪ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি উদ্ধার বিষয়ক সংস্থার তথ্যমতে, মঙ্গলবার (১৮ আগস্ট) সিচুয়ান প্রদেশের চ্যাংশিং কাউন্টির শিনবাও গ্রামের একটি বাড়িতে অনুষ্ঠান চলাকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়।

সংস্থাটি জানায়, পরিবারের সন্তানদেরকে কলেজে ভর্তি উদযাপন উপলক্ষে সেদিন এক গ্রামবাসীর বাড়ির উঠানে ভোজসভার আয়োজন করা হয়েছিল। এ কারণে বৃষ্টি থেকে রক্ষা পেতে অস্থায়ী একটি সামিয়ানা পাশে থাকা দেয়ালের সঙ্গে শক্তভাবে বাঁধা হয়। তবে টানা বর্ষণে সামিয়ানার ওপর অতিরিক্ত পানি জমলে তার ভারে প্রাচীরসহ পুরো কাঠামোটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

এ ঘটনায় আহত ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতদের মধ্যে কোনো শিশু বা তরুণ রয়েছে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: দ্য স্ট্রেটস টাইমস, চায়না ডেইলি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ