Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর গাড়িচাপায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (১ জানুয়ারি) শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়িচাপার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, শহরের অষ্টম জেলার খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার তৎপরতাও দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ