Views Bangladesh Logo

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এনসিপির একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার জন্য স্থানীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে ছাত্রদল পাল্টা দাবি করেছে, সংঘর্ষের সূত্রপাত এনসিপির হামলা থেকেই।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের থানা রোডে জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলটি থানা রোডে পৌঁছালে আগে থেকে লাঠিসোঁটা ও পাইপ নিয়ে অবস্থান নেওয়া একদল ব্যক্তি হামলা চালায়।

হামলায় ডিএসবির সদস্য ফেরদৌসসহ এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির অন্তত ১০ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ী উপজেলা সিনিয়র সদস্য সচিব রাজু, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান এবং ছাত্রনেতা মেহেদী হাসান রয়েছেন। গুরুতর আহত চারজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ভিডিওতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র, ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন হক নিরব, যুবদল নেতা রফিকুল, সিরাজুল ইসলাম সেরা এবং শ্রমিক দলের নয়ন মিয়াসহ কয়েকজনকে দেখা গেছে। তাদের নেতৃত্বেই হামলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, এনসিপির নেতাকর্মীরাই প্রথমে তাদের এক কর্মীর ওপর হামলা করেন। পরে এনসিপির মিছিল এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের চারজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রদল-যুবদলের হামলায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনার পর বিএনপি ও এনসিপির জেলা নেতারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ