প্লাস্টিক পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ১০ শতাংশ বহালের দাবি
প্লাস্টিক পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ১০ শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ)। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে নগদ সহায়তা কমিয়ে ৮ শতাংশ করা হয়েছে। মাঝ পথে এসে হঠাৎ ভর্তুকি প্রত্যাহারের কারণে প্লাস্টিক পণ্য রপ্তানীতে বড় ধরনের সমস্যা হবে বলে মনে করে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এসব কথা জানিয়েছে বিপিজিএমইএ। বিবৃতিতে বলা হয়েছে, প্লাস্টিক খাত ১২৬টি দেশে পণ্য রপ্তানি করে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির মাধ্যমে ২০৯ দশমিক ৮৬ মিলিয়ন ডলার আয় করেছে। এছাড়া ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসাবে গার্মেন্টস ও অন্যান্য শিল্পে এক্সেসরীজ আইটেম রপ্তানি করে প্রায় ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এখাতে প্রায় ১৫ লাখ নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে ভারতে রপ্তানি উন্নয়ন তহবিল, ভিয়েতনাম ট্রেড পলিসি এন্ড প্রমোশন প্রজেক্ট, এমনকি যুক্তরাষ্ট্রের মত ধনী দেশেও তুলা চাষে ভর্তুকি দেয়া হয়ে থাকে। অন্যদিকে ২০২৯ সালের পর বাংলাদেশ ডাবল ট্রান্সফরমেশনের চ্যালেঞ্জে পড়বে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে