Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৪৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৮৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এক দিনে নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। ফলে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব আরও বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ