রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক
রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে মোহাম্মদপুর থানা-পুলিশ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।
পুলিশ জানায়, সকালে কলেজ গেট এলাকায় মিছিল বের করার সময় ঘটনাস্থল থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। তারা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।
এদিকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় টহল, তল্লাশি চৌকি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
মতামত দিন