দক্ষিণ লেবাননে বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা, বিমান হামলায় ১ লেবাননি নিহত
দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের আলোচনা চলাকালীন ইসরায়েলি হামলায় এক লেবাননি নিহত হয়েছেন। একই সময়ে ফাঁদ পেতে রাখা একটি ভবনে বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) দক্ষিণ লেবাননের তিবনিন শহরে একটি কবরস্থানের মসজিদে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং ১২ জন আহত হয়।
এর আগে দক্ষিণ লেবাননের মাজদাল জৌন গ্রামে ফাঁদ পেতে রাখা একটি ভবনের ভেতরে থাকা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এতে দুই ইসরায়েলি সেনা নিহত, একজন গুরুতর আহত এবং আরও কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার সকালে নিহত দুই সেনার পরিচয় নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হলেন হারেল বিরেনস্টক এবং তামির ভাকনিন।
এ বিস্ফোরণের পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, হিজবুল্লাহর পক্ষ থেকে ‘চরমভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের’জবাবে তারা দক্ষিণ লেবাননের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে। একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েয়া আল-মানসুরি এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে উত্তরাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেন।
বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জিনা খোদর জানান, যে গ্রামে সেনারা নিহত হয়েছেন সেটি এখনো ইসরায়েলি সামরিক দখলে রয়েছে। তিনি বলেন, ‘গ্রামটি আল-মানসুরির কাছে অবস্থিত। সেখানে হিজবুল্লাহর কোনো উপস্থিতি নেই। তাই ঘটনাটি উল্লেখযোগ্য।’
খোদর বলেন, গত কয়েক সপ্তাহে সংঘাত কিছুটা কমে আসলেও পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ। যুদ্ধবিরতি কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে লেবানন ও ইসরায়েলি কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারপরও সীমান্তবর্তী গ্রামগুলোতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান আলোচনাটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। এই আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে বৈরুত।
তবে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে। সংগঠনের প্রধান নাইম কাসেম বলেছেন, এই আলোচনা লেবাননের জন্য ‘লজ্জা, অপমান এবং একের পর এক ছাড় দেওয়া ছাড়া আর কিছুই বয়ে আনবে না।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,৩৩৩ জন নিহত এবং ১২,২৫০ জন আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন