তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৫৩ মিনিটে এ ভুমিকম্প হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএড জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিনদিরগি এলাকা, ভূগর্ভের প্রায় ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ঘটনাটির মাত্রা ৬.১৯ ও গভীরতা ১০ কিলোমিটার বলে নথিভুক্ত করেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। ভূমিকম্পে ১৬টি ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পাশাপাশি ইস্তাম্বুলসহ একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয়েছে।
সিনদিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন ধসে মাটির সঙ্গে মিশে গেছে; চারপাশে ছড়িয়ে রয়েছে বাঁকানো লোহার কাঠামো ও ভাঙা কংক্রিটের স্তূপ। উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেছেন, 'সব ধরনের পুনরুদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।'
তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে