মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এ সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হোয়াইট হাউসের আয়োজনে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’কে কেন্দ্র করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে ৪৫টির বেশি দেশের ফার্স্ট স্পাউস ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
মতামত দিন