Views Bangladesh Logo

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জুবাইদা রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিজ্ঞানচিন্তা প্রসারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সবুজায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের গ্রাম ও শহরকে আরও সবুজ, নির্মল ও বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। একইসঙ্গে তিনি বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন।

তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং এটি অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের ভিত্তি হতে পারে। তিনি এই উদ্যোগকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে রূপ দেওয়ার আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম যুক্ত করার ওপর গুরুত্ব দেন। তিনি গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ ফান্ড গঠনের প্রস্তাবও তুলে ধরেন।

তিনি বলেন, চিকিৎসা, কৃষি, পদার্থ, রসায়ন ও তথ্যপ্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের সমস্যা সমাধান সম্ভব।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং জেডআরএফ-এর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেডআরএফ-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ