Views Bangladesh Logo

থ্যালাসেমিয়া রোগীদের জাতীয় ডাটাবেজ তৈরির আহ্বান জুবাইদা রহমানের

দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য জাতীয় পর্যায়ে একটি ডাটাবেজ ও নিবন্ধন ব্যবস্থা (রেজিস্ট্রি) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের পুরোপুরি সুস্থ করা সম্ভব না হলেও তাদের ও পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা ও মানসিক সমর্থন নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় স্ক্রিনিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়া শনাক্ত করা সম্ভব। তাই রোগ প্রতিরোধে গর্ভকালীন স্ক্রিনিং জোরদার করার পাশাপাশি জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিলে তাদের থ্যালাসেমিয়ার উপসর্গ, চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

রোগীদের শনাক্ত করার পর থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর ও থ্যালাসেমিয়া ট্রেইট—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অন্যরা বক্তব্য দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ