Views Bangladesh Logo

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হলেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটের সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নিজের দলীয় প্রতীক ‘মাথাল’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিনকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনে এই আসনে ঐক্য বজায় রাখতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে আসনটি সাকিকে ছেড়ে দিয়েছিল।

জোনায়েদ সাকি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বামপন্থী ও প্রগতিশীল রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। ২০০২ সালের ২৯ আগস্ট গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার লগ্ন থেকেই তিনি এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে ২০১৬ সালের ৪ ও ৫ নভেম্বরের বিশেষ সাংগঠনিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। তার নেতৃত্বে বিভিন্ন সময়ে ৪ বাম দল, ৫ বাম দল, গণতান্ত্রিক বাম মোর্চা এবং সর্বশেষ গণতান্ত্রিক বাম জোট গঠিত হয়েছে, যা দেশের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে।

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এবং ২০১৮ সালে ঢাকা-১২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিলেও ইতোপূর্বে তিনি বিজয়ী হতে পারেননি। তবে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ২০২৬-এর নির্বাচনে তার এই বিজয় ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জোনায়েদ সাকিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী করার মাধ্যমে তারেক রহমানের সরকার মূলত উন্নয়ন ভাবনাকে দলীয় গণ্ডির বাইরে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সম্পর্ক জোরদারে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ