ফ্রান্সের নতুন কোচ জিদান
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) আনুষ্ঠানিকভাবে জিনেদিন জিদানকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই তার দায়িত্ব নেওয়ার আলোচনা চলছিল। অবশেষে চার বছরের চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্ব পেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার।
২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় কোচিংয়ের বাইরে ছিলেন জিদান। পাঁচ বছর পর আবারও কোচিংয়ে ফিরলেন তিনি। রিয়ালের দায়িত্বে থাকাকালে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর অনন্য কীর্তি গড়েন। এছাড়া দুই মেয়াদে দলকে দুটি করে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা এনে দেন।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো জিদান এবার কোচ হিসেবেও দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন। তার আগে ১৪ বছর ধরে ফ্রান্সের দায়িত্বে ছিলেন দিদিয়ের দেশম। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ, উয়েফা নেশনস লিগ ও একটি ইউরো শিরোপা জেতে ফরাসিরা। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ হয়।
জিদানের সামনে এখন নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। তিনি যদি কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারেন, তবে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী চতুর্থ ব্যক্তি হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। এর আগে এই কীর্তি গড়েছেন ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং ফ্রান্সের দিদিয়ের দেশম।
মতামত দিন