শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
আজ শনিবার (৩০ মে), সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এই দিনটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ এবং নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি চলছে। এর পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশজুড়ে সব স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হয়। একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতা-কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডাল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিও পালিত হবে।
শাহাদাতবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ মে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৫৫ সালে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান অন্যতম সামরিক কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।
জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করে বিএনপি। দলটির মতে, তিনি জাতীয়তাবাদভিত্তিক রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠার পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের স্বপ্নও দেখেছিলেন।
বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতি বছর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করে আসছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে