Views Bangladesh Logo

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনানিবাসে হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার বনানী এলাকা থেকে আটক হওয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়াউর রহমান হত্যা মামলার পর থেকেই মেজর (অব.) মোজাফফর হোসেন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত একটি আভিযানিক দল বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় নিশ্চিত হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাঁকে হস্তান্তর করা হয় বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ