Views Bangladesh Logo

জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন: মিনু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতি ও উন্নয়নের নতুন ধারা সূচনা করেছিলেন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টায় নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন মন্ত্রী। জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে দিবসটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ইশা)।

ভূমিমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় রূপকার। দেশের ক্রান্তিলগ্নে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং উৎপাদনমুখী রাজনীতি ও উন্নয়নের নতুন ধারা সূচনা করেছিলেন। তাঁর আদর্শ ও কর্ম আজও জাতীয়তাবাদী শক্তির জন্য প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করার জন্য কাজ করতে হবে।”

এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ