আগের নামে ফিরলো ‘জিয়া উদ্যান’
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যানে’ আবারও তার পুরনো নাম ফিরে পেলো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই উদ্যানের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে এটি আবার ‘জিয়া উদ্যান’ নামে পরিচিত হলো।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদের বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’ এর নাম পরিবর্তন করে ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।
প্রজ্ঞাপনটি গত ১১ মার্চ জারি করা হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখন জানা গেছে। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
এ বিষয়ে গণমাধ্যমে কথা বলার সময় নায়লা আহমেদ বলেন, ‘চন্দ্রিমা উদ্যান’ নামের পরিবর্তে ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে