Views Bangladesh Logo

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার ত্রুটিপূর্ণ ছিল: প্রধান বিচারপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি প্রতিশোধমূলক ছিল এবং এর বিচারটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে এই দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় তিনি এ কথা বলেন। আদালতের রায়ে বেকসুর খালাস পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অন্য সব আসামিরা।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘প্রকাশ্যে খালেদা জিয়াকে অপমান করার জন্য এই মামলাটি করা হয়েছিল।’

গত ২০০৮ সালের জুলাই মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশি একটি ব্যাংকের মাধ্যমে এতিমদের অনুদান হিসাবে প্রাপ্ত দুই কোটি ১০ লাখ টাকার বেশি অপব্যবহার করার অভিযোগ আনা হয়।

এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। একই রায়ে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ অক্টোবর দুদকের একটি আপিলের প্রতিক্রিয়ায় হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে দেয়।

তবে গত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে সম্পূর্ণরূপে মুক্তি পান খালেদা জিয়া।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ