স্বাস্থ্যসেবায় অননুমোদিত ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন, যার আওতায় অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হবে। ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ কোনো ক্লিনিককে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। এই তদারকি কার্যক্রম প্রথমে রাজধানীতে শুরু হয়ে ধীরে ধীরে দেশের সব অঞ্চলে সম্প্রসারিত হবে।
ঈদের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এবারের ঈদুল ফিতর গত দেড় যুগের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ও স্বস্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক থাকা এবং আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছেন।
তবে তিনি কিছু দুর্ঘটনার কথাও উল্লেখ করেন এবং বলেন, ট্রেন ও বাসে কিছু বাড়তি ভাড়া নেওয়ার বিচ্ছিন্ন অভিযোগ ছিল। মন্ত্রী যোগ করেন, সামগ্রিকভাবে এবারের ঈদযাত্রা ও উদযাপন সফল হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে