নারী নির্যাতন প্রশ্রয় দেওয়া যাবে না: জোনায়েদ সাকি
মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, এসব অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না এবং সমাজ থেকে এগুলো নির্মূল করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে এবং স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাঞ্ছারামপুরে কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় না দেওয়ারও আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপি নেতৃবৃন্দসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে