অনিয়মে জিরো টলারেন্স, ফেডারেশনগুলোর জন্য ১,২৪৪ কোটি টাকার তহবিল
দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ১ হাজার ২৪৪ কোটি টাকার প্রাতিষ্ঠানিক তহবিল (সিড মানি) গঠনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে নবগঠিত ১৪টি ফেডারেশনের অ্যাডহক কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম বা বিদেশ সফরের নামে অপব্যবহারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ব্যক্তি প্রমাণসহ অনিয়মে জড়িত হলে শুধু সাংগঠনিক নয়, প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, তহবিলের অর্থ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফেডারেশনগুলোর মধ্যে বণ্টন করা হবে। মূল তহবিলের বার্ষিক লভ্যাংশের ৭৫ শতাংশ ফেডারেশনগুলো নিয়মিত খেলা পরিচালনা, টুর্নামেন্ট আয়োজন ও খেলোয়াড়দের কল্যাণে ব্যয় করতে পারবে। বাকি ২৫ শতাংশ পুনরায় মূল তহবিলে জমা দিয়ে বিনিয়োগ করা হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রায় ৫০ কোটি টাকা সিড মানি পেতে পারে। হকি, আর্চারি, শুটিংসহ অন্যান্য ফেডারেশনও উল্লেখযোগ্য বরাদ্দ পাবে। তবে চূড়ান্ত অনুমোদনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনভিত্তিক অর্থের পরিমাণ প্রকাশ করবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রতিটি ফেডারেশনকে বছরে অন্তত চারটি জাতীয় টুর্নামেন্ট আয়োজন করতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব বাড়াতে দেশে প্রতিযোগিতা আয়োজনসহ অন্তত তিনটি আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করতে হবে।
মতামত দিন