অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন জায়েদ খান
অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা দিয়েছেন।
জায়েদ খান গণমাধ্যমকে বলেন, শিল্পীর পাশে শিল্পী থাকবে, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
অন্যদেরও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন জায়েদ খান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানান, আর্থিক সংকটের কারণে রিফাতের যথাযথ চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তার পরিচিতজন, সহকর্মী, ভক্ত ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি সহযোগিতার অনুরোধ করেন তিনি।
রিফাতের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে অভিনয় শিল্পী সংঘও। সংগঠনটির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যেই চঞ্চল চৌধুরীর আহ্বানের পর এবার ব্যক্তিগতভাবে সহযোগিতা করলেন জায়েদ খান।
পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতেও পারছেন না তিনি। গত ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরুতে হাসপাতালের মেঝেতেই দিন কাটাতে হচ্ছিল তাকে। পরে একটি শয্যা পান তিনি। তার অসুস্থতার কথা সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
মতামত দিন