Views Bangladesh Logo

ঢাবিতে চলছে জয়নুল উৎসব ও লোকশিল্প মেলা

দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে ‘জয়নুল উৎসব’।

উৎসবের লোকশিল্প মেলায় ধাতব, শোলা, মাটির পুতুল, কাঠের পুতুল, পাখা, নকশিকাঁথা, পট, গোলা, শীতলপাটি, শখের হাঁড়ি, মনিপুরি তাঁত, শতরঞ্জি, শঙ্খ, মুখোশ, বাঁশি এবং হস্ত শিল্পসহ নানা ধরনের শিল্পের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন স্থানের শিল্পীরা। মেলায় রয়েছে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনীও।

শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খান, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর সিইও মো. মোহসিন হাবিব চৌধুরী, বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা এবং অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২৮ ডিসেম্বর ) বিকেল সাড়ে তিনটায় স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। রোববার (২৯ ডিসেম্বর) উৎসবের সমাপনী দিনে সকাল নয়টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে দশটায় অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদকে ভূষিত করা হবে। বিকেল সাড়ে তিনটায় অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগীত, আবৃত্তি, নৃত্য ও ফ্যাশন শো পরিবেশনে উৎসব শেষ হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মজয়ন্তীতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করে আসছে চারুকলা অনুষদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ