Views Bangladesh Logo

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাইমা রহমানের

রাজনীতিতে নারীদের এগিয়ে আসার পথে বিদ্যমান কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবী জাইমা রহমান। তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়—ডে-কেয়ার সুবিধা, মেন্টরশিপ, অর্থায়ন, নিরাপত্তা এবং মানসিকতার পরিবর্তনের মাধ্যমে নারীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।

রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি (উইনড) আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান বলেন, কেবল নামমাত্র ডে-কেয়ার সেন্টার থাকলেই হবে না; সেখানে প্রশিক্ষিত কর্মী, বয়সভিত্তিক সেবা, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব কাঠামো না থাকলে নারীদের পক্ষে রাজনীতি কিংবা কর্মক্ষেত্রে সক্রিয় থাকা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, রাজনীতিতে শুরু থেকেই নারীদের জন্য একটি শক্ত ‘লাইফলাইন’ তৈরি করতে হবে, যার মধ্যে নিয়োগ, প্রশিক্ষণ এবং ধরে রাখার ব্যবস্থা থাকবে। শুধু সুযোগ দিলেই হবে না, সেই সুযোগকে টেকসই করাও জরুরি।

মেন্টরশিপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণ নারীদের রাজনীতি ও নাগরিক দায়িত্ব পালনে অভিজ্ঞদের দিকনির্দেশনা প্রয়োজন। এ ধরনের কর্মসূচির দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

অর্থায়নের প্রসঙ্গে জাইমা রহমান বলেন, নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কার্যক্রমে নারীদের জন্য আলাদা আর্থিক সহায়তা প্রয়োজন। সমতার কথা বললেই হবে না; বাস্তবে বৈষম্য দূর করতে বাড়তি সুযোগ-সুবিধা দিতে হবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকতে হবে, যাতে নারী নেত্রী বা কর্মীদের প্রতি কোনো ধরনের হয়রানি হলে দল দায় নেয় এবং তাদের পাশে দাঁড়ায়।

জাইমা রহমান আরও বলেন, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে একযোগে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ