Views Bangladesh Logo

বাংলাদেশের খেলা দেখতে মাঠে গেলেন জাইমা

লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। দেশের মাটিতে নতুন সরকারের আমলে জাতীয় দলের প্রথম এই ম্যাচটি দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

দুপুরের পর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে তাকে দেখা যায়। এ সময় তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তার উপস্থিতির ছবি প্রকাশ করে।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই জাতীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের টসে ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন দলে ফেরা উইকেটকিপার–ব্যাটার লিটন কুমার দাস ও আফিফ হোসেন।

ওয়ানডে পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দলের ৩৯ দেখায় বাংলাদেশ জিতেছে ৫টিতে, আর পাকিস্তান জয় পেয়েছে ৩৪টিতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ