Views Bangladesh Logo

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে ‘বিস্ফোরক স্ট্যাটাস’ অভিনেতা জাহের আলভীর

প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক দাবি করেছেন অভিনেতা জাহের আলভী। শুক্রবার মধ্যরাতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, এ ঘটনায় তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং পুরো ঘটনার সত্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ আলামত হতে পারে।

পোস্টে আলভী জানান, মিরপুরের বাসার ড্রয়িংরুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইকরার ফোনে ছিল। বর্তমানে সেই ফোন পুলিশের হেফাজতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেতার দাবি, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার অনুপস্থিতিতে বাসায় ইকরার বন্ধু-বান্ধবদের যাতায়াত ছিল এবং ওই সময় সেখানে মাদক সেবনের আসর বসেছিল। তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে এসব ঘটনার প্রমাণ রয়েছে।

আলভী আরও বলেন, দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন এবং সেই সময় ইকরার আচরণ স্বাভাবিক ছিল না। সহকারীর দেওয়া বক্তব্য ইতোমধ্যে পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে জমা রয়েছে বলেও জানান তিনি।

পোস্টে আলভী দাবি করেন, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইকরার বান্ধবীরা এবং ২৭ ফেব্রুয়ারি দুই বান্ধবীর সঙ্গে এক পুরুষ বন্ধু বাসায় এসেছিলেন। ওই তিন দিন তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এজন্য সংশ্লিষ্ট তিন দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আলভী।

এছাড়া ইকরার আগের রাতের মদ্যপান ও মাদক সেবনের বিষয়টি পোস্টমর্টেম রিপোর্টে প্রতিফলিত হতে পারে বলেও দাবি করেন তিনি। তাই রিপোর্ট যেন কোনোভাবে পরিবর্তন না হয়, সে দিকেও নজর রাখার আহ্বান জানান।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে আলভী বলেন, ২০১০ সালে পালিয়ে বিয়ের পর তাকে ডিভোর্স না দিয়েই ইকরা পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেছিলেন। পরে ইকরা তার কাছে ফিরে এলে তাকে ক্ষমা করে আবার গ্রহণ করেন বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে ইকরার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই অভিনেতা।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ