স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন জাহের আলভী
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেতার শ্বশুরবাড়ির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। সেখানেই তিনি স্ত্রীর মৃত্যুর খবর পান। স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সবাইকে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি না তৈরির অনুরোধ জানিয়েছেন তিনি।
নিজের পোস্টে আলভী লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
তিনি আরও লেখেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি। ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে