Views Bangladesh Logo

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হলেন জহির খান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক তারকা পেসার জহির খান। ২০২৭ আইপিএল মৌসুম সামনে রেখে তাকে নতুন কোচ হিসেবে বেছে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।

দীর্ঘ ১৮ বছর চেন্নাইয়ের কোচের দায়িত্ব পালন করা স্টিফেন ফ্লেমিং সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন জহির। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক বাঁহাতি পেসার।

জহিরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ছিল ১৪ বছরের। ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর কোচিং ও ব্যবস্থাপনার বিভিন্ন ভূমিকায় কাজ করলেও এবারই প্রথম প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে ক্রিকেট পরিচালক ও গ্লোবাল হেড অব ডেভেলপমেন্টের দায়িত্ব সামলেছেন জহির। পরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবেও কাজ করেন তিনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে লখনউয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

সিএসকের প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জহির খান। তিনি বলেন, আইপিএলের অন্যতম সফল দলের সঙ্গে যুক্ত হওয়া তার জন্য সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে চেন্নাইয়ের বিপক্ষে খেলেছেন এবং সেই লড়াইগুলো উপভোগ করেছেন বলেও জানান তিনি। চিপকের মাঠে সিএসকের সমর্থকদের তৈরি করা আবহ দলটিকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে বলেও মন্তব্য করেন সাবেক এই পেসার।

আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন জহির। টুর্নামেন্টে ১০০ ম্যাচে তার সংগ্রহ ১০২ উইকেট। ২০১০ ও ২০১১ সালের আইপিএল ফাইনালেও খেলেছিলেন তিনি। মজার বিষয় হলো, দুই ফাইনালেই তার দলকে খেলতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ