Views Bangladesh Logo

বড়পর্দা-ছোটপর্দায় নিয়মিত হতে চান জাফরিন সাজ

শোবিজ অঙ্গনে প্রতিনিয়ত নতুন মুখের আগমন ঘটলেও কেউ কেউ নিজেদের স্বপ্ন, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেন। তেমনই একজন উঠতি মডেল ও অভিনেত্রী জাফরিন সাজ। অভিনয়কে ভালোবেসে ক্যারিয়ার গড়া এই তরুণীর লক্ষ্য—নিজেকে একজন দক্ষ ও দর্শকপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা।

অভিনয়জীবনের শুরু হয় ২০১৬ সালে, তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। সে সময় পরিচালক জুয়েল ফারসী পরিচালিত ‘স্বপ্ন দেখে মন’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও পড়ালেখার কারণে প্রায় পাঁচ বছর তাকে বিরতি নিতে হয়।

বিরতির পর আবারও নতুন উদ্যমে শোবিজে ফিরে আসেন জাফরিন সাজ। এরপর ইউটিউব ও টেলিভিশন মাধ্যমে নিয়মিত কাজ শুরু করেন। এখন পর্যন্ত তিনি প্রায় ৪০টি সিঙ্গেল ও ধারাবাহিক নাটক, ১টি ওভিসি এবং ৪টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পাশাপাশি দুটি একক নাটকেও দেখা গেছে তাকে। তার অভিনীত বেশ কয়েকটি নাটক চ্যানেল আই, এশিয়ান টিভি ও বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাফরিন সাজ বলেন, আগামী পাঁচ বছর পর নিজেকে আরও উচ্চ অবস্থানে দেখতে চাই। আমার লক্ষ্য, মানুষ আমাকে কাজ দিয়ে চিনবে। অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেব।

তিনি আরও বলেন, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রে কাজ করতে চাই এবং নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে একদিন অবশ্যই নিজের অবস্থান তৈরি করা সম্ভব।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সফলতা পেয়েছেন তিনি। ‘মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস সিজন-৫’ প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিনশ প্রতিযোগীর মধ্যে সেরা দশে জায়গা করে নেন জাফরিন সাজ। এই অর্জন তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

এই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, এই প্ল্যাটফর্ম থেকে তিনি কথা বলা, এক্সপ্রেশন, মুভমেন্ট ও নিজেকে উপস্থাপনের নানা দিক শিখেছেন, যা ভবিষ্যতের কাজে সহায়তা করবে।

কুমিল্লার মেয়ে জাফরিন সাজের বেড়ে ওঠা ও পড়াশোনা পুরান ঢাকায়। সেখানকার সংস্কৃতি ও জীবনধারা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে বড় পর্দায় কাজের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ইতোমধ্যে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাফরিন সাজ। সিনেমা দুটি হলো ‘স্বপ্ন দেখে মন’ ও ‘অন্তর মাঝি’। শিগগিরই এগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

নতুনদের উদ্দেশে তিনি বলেন, অভিনয় ইন্ডাস্ট্রিতে আসতে হলে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আসা উচিত। ধৈর্য, শেখার মানসিকতা এবং আত্মবিশ্বাস ছাড়া সফল হওয়া কঠিন।

স্বপ্ন, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে জাফরিন সাজ এগিয়ে চলেছেন বড় পর্দা ও ছোট পর্দায় নিজের অবস্থান শক্ত করার লক্ষ্যে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ