ইউনূস-বাইডেন বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে: প্রেস সচিব
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে সেটাকে বাংলাদেশের জন্য বিরল সুযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরষিদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের সরকার প্রধানের সাথে এ ধরনের বৈঠক বিরল ঘটনা। এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সস্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে। এটা আমাদের জন্য সুখবর।’
প্রেস সচিব বলেন, বাংলাদেশ যে মুহূর্তে গনতন্ত্র উত্তরণের পথে রয়েছে তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে