Views Bangladesh Logo

মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশের ক্রমবর্ধমান বিনিয়োগ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি ব্যবসাবান্ধব গন্তব্যে রূপান্তরিত হয়েছে।

মঙ্গলবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া ব্যবসা ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ড. ইউনূস দেশের পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া নানা সংস্কারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, 'অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশিত অগ্রগতি লাভ করেনি। কিন্তু আজ আমরা এক নতুন বাংলাদেশের উদ্ভব প্রত্যক্ষ করছি যা অর্থনৈতিক সম্ভাবনায় ভরপুর।'

ড. ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে। এ সময় তিনি দেশের তরুণ, সৃজনশীল কর্মশক্তি এবং বিদেশে বসবাসরত তরুণ প্রবাসীদের অপ্রয়োগিত প্রতিভার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, 'প্রবাসী তরুণদের মধ্যে সবসময়ই দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা থাকে।'

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিয়ে উপস্থাপনা দেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন।

আক্সিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং রবির প্রাথমিক বিনিয়োগকারী বিবেক সূদ বাংলাদেশে কোম্পানির ২৮ বছরের সফলতার গল্প শেয়ার করেন। তিনি ধারাবাহিক প্রবৃদ্ধি ও কৌশলগত অংশীদারিত্বের ওপর আলোকপাত করেন।

ফোরামে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন, এর মধ্যে ছিলেন পেট্রোনাসের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, কাজানাহ ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জাহির এবং সাইম ডার্বি প্ল্যানটেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই করপোরেশন ও ফেলদা গ্লোবাল ভেঞ্চার্স (এফজিভি)-এর শীর্ষ নির্বাহীরা। প্রোটন হোল্ডিংস বেরহাদের চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং টপ গ্লোভ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাইও উপস্থিত ছিলেন।

ফোরামের লক্ষ্য ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ গ্রহণে বাংলাদেশের প্রস্তুতিকে সামনে আনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ