অর্থ আত্মসাতের মামলায় আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস
অর্থ আত্মসাতের মামলায় হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আপিল করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তাকেও আপিলের অনুমতি দেয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এদিন আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
প্রসঙ্গত, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে ড. ইউনূস এবং অন্য ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।
এই মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে নোবেলজয়ী ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ছয়জন কর্মকর্তা হাইকোর্টে আবেদন করলে গত ২৪ জুলাই তা সরাসরি বাতিল করে দেয়া হয়। সেই সঙ্গে এক বছরের মধ্যে বিচারকাজ শেষ করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে আদেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ইউনূস ও অন্য ছয়জন সম্প্রতি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে