Views Bangladesh Logo

ভিডিও প্লে হলেই ভিউ, ইউটিউবের নতুন নিয়ম ২৪ আগস্ট থেকে কার্যকর

 VB  Desk

ভিবি ডেস্ক

ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও।

বুধবার ইউটিউবের অফিসিয়াল ব্লগে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, বিভিন্ন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এ কারণে সব ধরনের কনটেন্টের জন্য আরও সামঞ্জস্যপূর্ণ একটি ভিউ মেট্রিক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এতদিন কোনো ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখার পর ভিউ হিসেবে গণনা করা হতো। নতুন নিয়ম কার্যকর হলে ভিডিও চালু করলেই ভিউ যোগ হবে। ফলে কোনো ভিডিওর মোট ভিউ আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। তবে শুধু ভিউয়ের সংখ্যা দেখে কনটেন্টের প্রকৃত জনপ্রিয়তা বা দর্শকের আগ্রহ পরিমাপ করা তুলনামূলকভাবে কঠিন হতে পারে।

তবে পুরোনো পদ্ধতিতে দর্শক কতক্ষণ ভিডিও দেখেছেন, সেই তথ্যও হারিয়ে যাচ্ছে না। ইউটিউব অ্যানালিটিকসে ‘এনগেজড ভিউস’ নামে এই তথ্য আলাদাভাবে দেখা যাবে। এর ফলে নির্মাতারা একটি ভিডিও কতবার চালু হয়েছে এবং কতবার দর্শক নির্দিষ্ট সময় ধরে দেখেছেন, দুটি বিষয়ই আলাদা করে বিশ্লেষণ করতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, ভিউ গণনার এই পরিবর্তন নির্মাতাদের আয় কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব ফেলবে না। এর আগে গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রেও ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভিউ গণনার নিয়ম চালু করেছিল।

এদিকে নতুন নির্মাতাদের আয় নিয়ে সম্প্রতি আরও কঠোর শর্তের ইঙ্গিত দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে হলে নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে বলে জানানো হয়েছে।

সূত্র : ব্লগ ডট ইউটিউব

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ