নিম্নমানের এআই ভিডিওতে বন্ধ হচ্ছে আয়, মনিটাইজেশনের নিয়ম বদলাল ইউটিউব
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়তে থাকায় ভিডিও নির্মাতাদের জন্য নতুন মনিটাইজেশন নীতিমালা ঘোষণা করেছে ইউটিউব। নতুন নিয়মে নির্দিষ্ট ধরনের এআই-নির্ভর ভিডিও আর ইউটিউব পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি) থেকে আয়ের সুযোগ পাবে না।
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে এবং মৌলিক ও মানসম্মত ভিডিওকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নীতিমালায় তিন ধরনের ভিডিওকে ‘ইনঅথেনটিক (অপ্রামাণ্য) কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা এআই-নির্ভর ভিডিও, দর্শকদের আবেগ বা মতামত প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো স্পর্শকাতর বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও।
ইউটিউবের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির সহায়তায় বিপুল পরিমাণ নিম্নমানের ভিডিও প্রকাশের প্রবণতা বেড়েছে। এতে একদিকে প্ল্যাটফর্মের সামগ্রিক মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দর্শকের অভিজ্ঞতা ও বিজ্ঞাপনদাতাদের আস্থাও প্রশ্নের মুখে পড়ছে। তাই এখন থেকে এমন কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যা মৌলিক, সৃজনশীল, তথ্যনির্ভর এবং দর্শকের জন্য বাস্তব মূল্য তৈরি করে।
তবে এআই ব্যবহার করে তৈরি সব ভিডিওর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব ভিডিওতে মৌলিকতা থাকবে, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা হবে এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ও মনিটাইজেশন নীতিমালা মেনে চলা হবে, সেগুলো আগের মতোই আয়ের আওতায় থাকতে পারে।
নতুন এই নীতিমালার ফলে এআইনির্ভর কনটেন্ট নির্মাতাদের এখন থেকে ভিডিও তৈরিতে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে মৌলিক উপস্থাপনা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং মানবিক সম্পাদনার ওপর বেশি গুরুত্ব দিতে হবে, নইলে মনিটাইজেশনের সুযোগ হারানোর ঝুঁকিতে পড়তে পারেন তারা।
সূত্র : ইয়াহু ফিন্যান্স
মতামত দিন