Views Bangladesh Logo

বিয়ে করলেন বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট, যার প্রকৃত নাম জিমি ডোনাল্ডসন, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি।

ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।’

বড় বাজেট ও জাঁকজমকপূর্ণ ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের আয়োজনটি ছিল একান্ত ব্যক্তিগত। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের অনুষ্ঠানে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশায় তৈরি একটি গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল। সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানিয়েছিলেন, অনেকে ধারণা করেছিলেন তিনি হয়তো কোনো বড় অনুষ্ঠানে বিয়ের প্রস্তাব দেবেন। তবে তিনি চেয়েছিলেন সেই মুহূর্তটি ব্যক্তিগত ও ঘনিষ্ঠ থাকুক।

দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে জিমি ডোনাল্ডসন ও থিয়া বয়সেনের পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়ার লেখা The Marked Children বই নিয়ে আলাপের সূত্র ধরে তাদের সম্পর্কের শুরু।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন।

বিয়ের আগে এক সাক্ষাৎকারে থিয়া বয়সেন বলেছিলেন, আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে আমরা নিয়মিত কথা বলি। এই বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ