খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার
খুলনা নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর কথিত স্ত্রী ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোড এলাকার লোকমান ফকিরের ছেলে।
পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে ওঠেন। পরে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ফাতেমা বাবুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ফাতেমাকে থানায় নিয়ে যায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বাবুর আরেকজন স্ত্রী রয়েছেন, যিনি ঢাকায় থাকেন। তাঁর সঙ্গে বাবুর যোগাযোগ ছিল না। ফাতেমার সঙ্গে বাবুর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তাঁকে বিয়ের জন্য ফাতেমা চাপ দিচ্ছিলেন।
ওসি আরও বলেন, রোববার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বাবুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা ফাতেমা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন