Views Bangladesh Logo

ড. ইউনূস-নুরজাহানকে গ্রেপ্তারের দাবি যুব ইউনিয়নের

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে শিশুহত্যাকারী আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

শনিবার (১৬ মে) রাজধানীর পল্টন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা চালু এবং শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার দাবি করা হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ বা দুর্বল হয়ে পড়ার কারণে হাম ছড়িয়ে পড়েছে। তারা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিন ভূইয়া।

এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিজুল ইসলাম রফিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারভ হোসেন সেবক।

বক্তারা বলেন, একসময় হাম, কলেরা, বসন্তসহ বিভিন্ন রোগে গ্রাম উজাড় হওয়ার কথা পাঠ্যবইয়ে পড়া যেত। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে এসব রোগ নিয়ন্ত্রণে এসেছে। বর্তমান পরিস্থিতি পরিকল্পিত অব্যবস্থাপনার ফল।

তারা আরও বলেন, জনগণের সংকট সমাধানে নির্বাচিত সংসদ সদস্যরা মহান সংসদে জনগণের সাথে তামাশা করছেন। বর্তমান সময়ে হাম যখন জাতীয় স্বাস্থ্য বিপর্যয় হিসেবে দৃশ্যমান, তখন তা নিয়ে সংসদ নিশ্চুপ! সরকারি দল ও বিরোধীদল নিশ্চুপ দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও বাণিজ্য চুক্তি নিয়ে। অবিলম্বে আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যায় সরকারকে বহন করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ