Views Bangladesh Logo

গাজীপুরে গাছে বেঁধে কুপিয়ে যুবককে হত্যার অভিযোগ

গাজীপুর মহানগরীর পূবাইল থানার খিলগাঁও কলেজপাড়া এলাকায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা খিলগাঁও কলেজপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে ইজিবাইকের ব্যাটারি চুরির অভিযোগে জুয়েলের বিরুদ্ধে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনি সেই টাকা পরিশোধও করেন। এরপরও রোববার কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ