সিলেটে ফুটবল খেলা দেখা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে যুবক নিহত
সিলেটের জকিগঞ্জে ফুটবল খেলা দেখার সময় চিৎকার দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ঘাতক চাচাতো ভাইকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আলম পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ফুটবল ম্যাচ চলকালে একটি গোলের সময় চিৎকার করে ওঠেন আলম আহমদ। এতে ক্ষিপ্ত হন তার আপন চাচাতো ভাই পারভেজ আহমদ (৩২)। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কির সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পারভেজ উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আলমের শরীরে আঘাত করেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে গুরুতর আহতাবস্থায় আলমকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই মাঠে নামে জকিগঞ্জ থানা পুলিশ। রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক পারভেজকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে তার নানাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করে পুলিশ। পারভেজ ওই গ্রামের মোস্তকিন আলীর ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ফুটবল খেলায় চিৎকার দেওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।’
তিনি জানান,বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মতামত দিন