Views Bangladesh Logo

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরীসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাইয়েদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

আটক দুজনের একজন সিয়ামের এক পরিচিত কিশোরী, অপরজন সিয়ামের বন্ধু আরিয়ান খান।

পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় গড়ে ওঠে এবং একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। রোববার রাতে একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরে তিনি সিয়ামের গ্রামের বাড়িতে যান। সেই সময় সিয়ামের বন্ধু আরিয়ানও সেখানে ছিলেন।

ভোরে সিয়াম তাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, হত্যার বিষয়টি স্বীকার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ