বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাতে জেলা শহরের বাসাবাটি বাইনবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আমান, তিনি ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। অভিযুক্ত ঘাতকের নাম আব্দুল্লাহ। তারা সম্পর্কে মামাতো ভাই।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে আব্দুল্লাহ। রাতের খাবার শেষে দুই ভাই ওই বাড়ির দোতলায় একটি রুমে ঘুমাতে যান। গভীর রাতে ঘর থেকে চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত দোতলায় ছুটে গিয়ে আমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই স্বজনরা আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরিফিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে