Views Bangladesh Logo

হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ঢুকে কাওসার বেপারী (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত কাওসার মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আর আটক ফারুক সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।

পুলিশ, আহত ব্যক্তি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই মাস আগে পূর্বশত্রুতার জেরে সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে ফারুক ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।

শনিবার হাসপাতালে ফারুককে একা পেয়ে শাহীনের শ্যালক কাওসার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ওয়ার্ডের থাই কাচ ভেঙে যায়। পরে ক্ষিপ্ত হয়ে ফারুক ওয়ার্ডে ভাঙচুর করেন এবং ভেঙে যাওয়া কাচের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

কাওসারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত কাওসারকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ