পদ্মায় স্পিডবোটে ‘ঘুরতে গিয়ে’ যুবক গুলিবিদ্ধ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে গভীর রাতে স্পিডবোটে ঘুরতে গিয়ে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাপনগর এলাকার মনি পার্কসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম ববি বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে নদীতে যান। পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে আহত ব্যক্তির আঘাতের কারণ হিসেবে ‘গুলিবিদ্ধ’ উল্লেখ করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ শরিফুল ইসলামের স্ত্রী বনি জানান, তার স্বামীর অবস্থা গুরুতর এবং তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তবে ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কয়েকটি সূত্রের দাবি, পদ্মা নদীতে চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ওই বিরোধের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, কী কারণে গুলি ছোড়া হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।
মতামত দিন