নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। নিহত হাসান শেখ কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
ওসি বলেন, ময়নাতদন্ত শেষে হাসান শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বারের লোকজন ও আবেদ শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ব্যক্তিদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মতামত দিন